কুয়েট অ্যালামনাইদের মতবিনিময় সভা ২৪ জুলাই, নিবন্ধন ৩০ জুন পর্যন্ত

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন   |   খুলনা

কুয়েট অ্যালামনাইদের মতবিনিময় সভা ২৪ জুলাই, নিবন্ধন ৩০ জুন পর্যন্ত

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং এর পূর্বসূরি প্রতিষ্ঠান খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৪ জুলাই কুয়েট ক্যাম্পাসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশ-বিদেশে কর্মরত সকল অ্যালামনাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের উদ্যোগে আয়োজিত এ সভার মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। পাশাপাশি কুয়েটকে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনকেন্দ্র হিসেবে আরও এগিয়ে নিতে অ্যালামনাইদের অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় কুয়েটের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হবে।

বর্তমানে দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েট গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিজ্ঞান, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, পরিবেশ, জ্বালানি ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, কুয়েটের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, নেটওয়ার্ক ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সকল অ্যালামনাইকে আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

নিবন্ধন লিঙ্ক : https://forms.gle/tJKxqZ9iEJfK6XseA

সভা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। প্রশাসনের আশা, প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এ মতবিনিময় সভা কুয়েটের ভবিষ্যৎ উন্নয়ন ও বৈশ্বিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Advertisement
Advertisement
Advertisement