খুলনায় র্যাবের অভিযানে গ্রেফতার ৪
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা নগরীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— বটিয়াঘাটা উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম ওরফে দ্বীনু, খুলনা সদর থানার বাসিন্দা বাবু হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার, শহিদুল ইসলামের ছেলে আবিদ হাসান ওরফে আবুজার এবং সোনাডাঙ্গা এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ রাসেল।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযানের পর দ্বীন ইসলামকে বটিয়াঘাটা থানায় এবং হাসিব হাওলাদার, আবিদ হাসান ও রাসেলকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।