ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনে একটি শিশুও যেন বাদ না পড়ে: কেসিসি প্রশাসক মঞ্জু

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন   |   খুলনা

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনে একটি শিশুও যেন বাদ না পড়ে: কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীতে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বুধবার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডে নগর স্বাস্থ্য ভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ব্যাপক প্রচারের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের কাছে এ কর্মসূচির বার্তা পৌঁছে দিতে হবে। তিনি বলেন, হাম-রুবেলা ও ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে যেভাবে সাফল্য এসেছে, একইভাবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনও সফল করতে হবে।

তিনি আরও বলেন, হামে এখনো শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। ভিটামিন এ-প্লাস ক্যাপসুল শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ কমাতে সহায়ক ভূমিকা রাখবে। একটি শিশুও যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আগামী ২৮ জুন দেশব্যাপী একযোগে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষকদের বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে এবং ইমামদের জুমার নামাজে মুসল্লিদের মধ্যে এ বিষয়ে প্রচারের আহ্বান জানানো হয়। পাশাপাশি ক্যাম্পেইনের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত কেন্দ্র পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

খুলনা সিটি করপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement