সাতক্ষীরায় যুবসম্পৃক্ত দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংলাপ
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় যুবসমাজের অংশগ্রহণ বাড়ানো এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো। অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে একশনএইড বাংলাদেশ।
সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা সংলাপে অংশ নেন।
সংলাপে দুর্যোগ সম্পর্কিত স্থায়ী আদেশাবলী (এসওডি) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্র গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করা সম্ভব। তারা দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় যুব নেতৃত্বকে সময়ের দাবি বলেও উল্লেখ করেন।
এ সময় উপস্থিত যুব প্রতিনিধিরা বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। জবাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।