জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কেসিসি প্রশাসক মঞ্জু

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন   |   খুলনা

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা ব্যুরো :

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নগর পরিবেশকে আরও সবুজ ও বাসযোগ্য করতে খুলনা মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ কর্মসূচির আওতায় নগরীর সড়কের দুই পাশ, মিডআইল্যান্ড, সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণসহ বিভিন্ন অব্যবহৃত স্থানে গাছ লাগানো হবে।

সোমবার (২২ জুন) সকালে নগরীর আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘সবুজ শহর, সবুজ দেশ’ গড়ার উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে কেসিসি এ কর্মসূচি হাতে নিয়েছে। একই সঙ্গে ময়ূর নদীর দুই তীরজুড়ে তালগাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শুধু নগর নয়, গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকাতেও সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি।

সরকারের সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সামাজিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগই হতে পারে টেকসই সমাধান।

আহসান উল্লাহ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন।

Advertisement
Advertisement
Advertisement