কুয়েট-জনতা ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষর, ডিজিটাল লেনদেনে নতুন সুবিধা

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন   |   খুলনা

কুয়েট-জনতা ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষর, ডিজিটাল লেনদেনে নতুন সুবিধা

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও জনতা ব্যাংক পিএলসি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহণকারীরা আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে বিভিন্ন আর্থিক লেনদেন করতে পারবেন।

সোমবার (২২ জুন) দুপুরে কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ।

উপাচার্য বলেন, এ চুক্তি কুয়েট ও জনতা ব্যাংকের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও ব্যবহারবান্ধব করতে সহায়তা করবে।

চুক্তির আওতায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সেবাগ্রহণকারীরা জনতা ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম জনতা-পে ও ই-জনতার পাশাপাশি ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস কার্ড এবং বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে বিভিন্ন ফি, বেতন, ভাতা ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং জনতা ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. জাকির হোসেন, কুয়েট করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মঞ্জুয়ারাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাও এতে অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement