সাতক্ষীরায় যুবদের সম্পৃক্ততায় দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারে সংলাপ

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় যুবদের সম্পৃক্ততায় দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারে সংলাপ

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলায় যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা সভায় অংশ নেন।

সংলাপে দুর্যোগ সম্পর্কিত স্থায়ী আদেশাবলী (এসওডি) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি এবং নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় দুর্যোগ মোকাবিলায় যুবসমাজকে প্রশিক্ষণ ও দক্ষ করে গড়ে তুলতে পারলে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও সাড়াদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

এসময় উপস্থিত যুব প্রতিনিধিরা বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

Advertisement
Advertisement
Advertisement