ধরলা নদীর ভাঙন রোধে ৩০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
লালমনিরহাট, ৩ অক্টোবর:
লালমনিরহাটের মোগলহাট ও আশপাশের এলাকা ধরলা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার লালমনিরহাটে মোগলহাট রেলওয়ে স্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ধরলা নদীর তীর সংরক্ষণের জন্য নেওয়া প্রকল্পটি দক্ষিণ সীমানা থেকে কুড়িগ্রাম সীমান্ত পর্যন্ত বিস্তৃত। অনুমোদিত প্রকল্পটির কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙনের ঝুঁকিতে থাকা মোগলহাট ও আশপাশের এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর বিষয়েও কথা বলেন ত্রাণমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মোগলহাটকে অপরাধ, মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন আসাদুল হাবিব দুলু।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার উপযোগী পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান মন্ত্রী।
এর আগে লালমনিরহাটের বিজিবি ক্যান্টিন মোড়ে ‘ভুট্টা চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
আরো পড়ুন----মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের আহ্বান