সংবাদ শিরোনাম

হবিগঞ্জে ৮১৫ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন   |   জাতীয়

হবিগঞ্জে ৮১৫ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ছবি-সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকায় নতুন সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের কাজ করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয় নিয়ে সভাটির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মন্ত্রী বলেন, হবিগঞ্জের যোগাযোগ অবকাঠামোকে আরও কার্যকর করতে বড় পরিসরে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৮১৫ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নতির পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়বে বলে তিনি জানান।

তিনি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও ক্লাবগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন।

স্থানীয় সংগঠনগুলোর প্রতি নিজ নিজ এলাকায় অনলাইন জুয়া ও মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তায় সমন্বয়ের নির্দেশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী। পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে প্রশাসন ও পুলিশের নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পূজাকে কেন্দ্র করে কোনো সমস্যা বা অভিযোগ দেখা দিলে দ্রুত তা সমাধানে প্রশাসনকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

স্বাস্থ্যসেবার সমস্যা সমাধানের তাগিদ

সভায় হবিগঞ্জের স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মো. শাম্মী আক্তার এবং হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহামদ আলী মুকিব।

আরো পড়ুন---ডিজিটাল রূপান্তরে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ জরুরি

এ ছাড়া পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।