সুন্দরবনে মধু সংগ্রহে দস্যু আতঙ্ক: স্থবির মৌসুম, অনিশ্চয়তায় মৌয়ালরা

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে মধু সংগ্রহে দস্যু আতঙ্ক: স্থবির মৌসুম, অনিশ্চয়তায় মৌয়ালরা

খুলনা ব্যুরো :

সুন্দরবনে চলতি মৌসুমে মধু সংগ্রহ কার্যক্রম বনদস্যুদের তৎপরতায় প্রায় স্থবির হয়ে পড়েছে। ১ এপ্রিল মৌসুম শুরু হলেও নিরাপত্তা ঝুঁকির কারণে অধিকাংশ মৌয়াল এখনো বনে প্রবেশ করতে পারেননি। এতে জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রায় ১ হাজার ৩০০ পেশাদার মৌয়াল থাকলেও মৌসুমের প্রথম ১৭ দিনে মাত্র ৪২টি নৌকায় ২৭৬ জন সুন্দরবনে প্রবেশ করেছেন। অনেকেই প্রস্তুতি নিয়েও দস্যু আতঙ্কে যাত্রা বাতিল করেছেন।


মৌয়ালদের অভিযোগ, অন্তত সাতটি দস্যু চক্র সক্রিয় রয়েছে, যারা প্রতিটি নৌকা থেকে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে অপহরণ ও নির্যাতনের শঙ্কায় তারা বনে যেতে সাহস পাচ্ছেন না।

শরণখোলা রেঞ্জের ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, গত বছরের তুলনায় এ বছর মধু আহরণে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমেছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, কয়েকটি নৌকা মাঝপথ থেকে ফিরে এসেছে দস্যু আতঙ্কে।

এদিকে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, এ বছর ১ হাজার ৮০০ কুইন্টাল মধু ও ৯০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে।

বন বিভাগ টহল জোরদার ও দলবদ্ধভাবে বনে যাওয়ার নির্দেশ দিলেও দস্যু আতঙ্কে পুরো মৌসুম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement