ঝিনাইদহ সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন   |   খুলনা

ঝিনাইদহ সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদী থেকে চার দিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও অপর মরদেহটির পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর পলিয়ানপুর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে রথীকান্ত জয়ধর (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে একই সীমান্ত এলাকায় প্রায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ইছামতী নদী এলাকায় দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজ নিতে গিয়ে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও বিজিবিকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বৃহস্পতিবার উদ্ধার হওয়া মরদেহটির স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ১৩ এপ্রিল আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ সময় পানির নিচে থাকায় সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহটি পচে ফুলে গিয়েছিল এবং উপুড় অবস্থায় ভাসছিল বলে তিনি জানান।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ বলেন, উদ্ধার হওয়া মরদেহটির শার্টের পকেট থেকে একটি পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্টের তথ্যের সঙ্গে মিলিয়ে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে পাসপোর্টে কোনো ভিসা বা গেটওয়ে পাসের তথ্য যাচাই করা যায়নি।

উদ্ধার হওয়া মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

অন্যদিকে ১৩ এপ্রিল উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Advertisement
Advertisement
Advertisement