সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক ১

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক ১

মাসুদ আল হাসান, খুলনা :

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অপহৃত দুই জেলেকে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন এলাকায় বনদস্যু দমনে ধারাবাহিকভাবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের অংশ হিসেবেই সর্বশেষ এ সাফল্য অর্জিত হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের হাতে দুই জেলে অপহৃত হন। পরে তাদের মুক্তিপণের জন্য জিম্মি করে নির্যাতন করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল বিকেলে মুর্তি খাল এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

অন্যদিকে, শুক্রবার ভোরে শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ধাওয়া করে দয়াল বাহিনীর সদস্য তরিকুল (৩৫)-কে আটক করা হয়। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং উদ্ধার হওয়া দুই জেলেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তারা জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।