চুয়াডাঙ্গায় বজ্রপাতে পৃথক দুই স্থানে ২ জনের মৃত্যু

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন   |   খুলনা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে পৃথক দুই স্থানে ২ জনের মৃত্যু

খুলনা ব্যুরো :

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক স্কুলছাত্র ও এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন (১৪) দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও মেমনগর বিডি হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত রাসেল উদ্দিন (২৫) জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাবার জন্য মাঠে খাবার নিয়ে গিয়ে ফেরার পথে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে পড়ে আজিম উদ্দিন বালিগাদার মাঠে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে, জীবননগরে কৃষিজমি থেকে তামাকের জ্বালানি সংগ্রহ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক রাসেল উদ্দিন। পরে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান ও জীবননগর থানার ওসি সোলাইমান শেখ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।