ফুলতলায় বন্ধুদের বিরোধে ছুরিকাঘাতে নিহত ১ আহত ২ যুবক

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন   |   খুলনা

ফুলতলায় বন্ধুদের বিরোধে ছুরিকাঘাতে নিহত ১   আহত ২ যুবক


খুলনা ব্যুরো :

খুলনার ফুলতলা উপজেলায় বন্ধুদের মধ্যে পূর্বের বিরোধের জেরে ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের দিকে উপজেলার দামোদর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও হামলাকারীরা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কয়েকদিন আগে একটি তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্বির ও নীরবকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের পেটে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাব্বিরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত নীরবকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের পরিবার জানায়, সাব্বির সকালে কর্মস্থলে যাওয়ার পর সন্ধ্যায় বাড়ি ফিরে খাবার শেষে বাড়ির পাশের দোকানে আড্ডা দিতে বের হন। কিছু সময় পর পরিচিতদের মাধ্যমে ছুরিকাঘাতের খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গেলে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তিনি স্থানীয় একটি ডিশ সংযোগ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র বলেন, হামলাকারী ও হতাহতরা একে অপরের পরিচিত ও সমবয়সী। পূর্বের বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।