জ্বালানি সংকটে খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন   |   খুলনা

জ্বালানি সংকটে খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং

মাসুদ আল হাসান :

খুলনা অঞ্চলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে জ্বালানি আমদানিতে চাপ তৈরি হওয়ায় এলাকার ১০টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬টি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফলে নগর ও গ্রামীণ এলাকায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সংকটের কারণে বর্তমানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। খুলনার গোয়াল পাড়া ৩৩০ মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির ২২৫ মেগাওয়াট, মধুমতি ১০০ মেগাওয়াট, রূপসা ১০৫ মেগাওয়াট ও ফরিদপুর ৫০ মেগাওয়াটসহ একাধিক কেন্দ্র বন্ধ রয়েছে।


খুলনা গোয়ালপাড়া ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আলমগীর মাহফুজুর রহমান জানান, কেন্দ্রটি উৎপাদনের জন্য প্রস্তুত থাকলেও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়ায় কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে না।

এদিকে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সীমিত সরবরাহের কারণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুতের অপচয় কমাতে ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রীষ্ম মৌসুমে খুলনা অঞ্চলে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াট হলেও সরবরাহ ঘাটতির কারণে অনেক এলাকায় প্রতিদিন ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। এতে জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে এলএনজি ও অপরিশোধিত তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় দেশের বিদ্যুৎ খাত চাপের মুখে পড়েছে। গ্যাস ও তেলের ঘাটতির কারণে জাতীয় পর্যায়েও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বড় অংশ ব্যবহার করা যাচ্ছে না।

পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগ, বিশেষ করে সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তাদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement