হাই ইমপ্যাক্ট জার্নালে গবেষণা, কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ভিসি অ্যাওয়ার্ড

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন   |   খুলনা

হাই ইমপ্যাক্ট জার্নালে গবেষণা, কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ভিসি অ্যাওয়ার্ড

মাসুদ আল হাসান , খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৩১ জন শিক্ষক উচ্চমানের আন্তর্জাতিক (হাই ইমপ্যাক্ট) জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

২০২৪ সালে আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেলের যাচাই-বাছাই শেষে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি (সিএএসআর)-এর সুপারিশক্রমে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রফিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং গবেষণার গুণগত মানই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মান নির্ধারণ করে। তিনি গবেষণাকে আরও বাস্তবমুখী ও শিল্প-সমাজের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি গবেষণা প্রকাশনার সঙ্গে প্যাটেন্ট উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকানিক্যাল, ম্যাটেরিয়াল সায়েন্স, টেক্সটাইল, লেদার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, গণিতসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা রয়েছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement