দালালচক্রে সতর্কবার্তা, মেধাই হবে পুলিশের নিয়োগের একমাত্র মানদণ্ড

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন   |   খুলনা

দালালচক্রে সতর্কবার্তা, মেধাই হবে পুলিশের নিয়োগের একমাত্র মানদণ্ড

খুলনা ব্যুরো  :

পুলিশ কনস্টেবল নিয়োগকে ঘিরে দালালচক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)। তিনি বলেছেন, পুলিশের নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা প্রভাব খাটানোর সুযোগ নেই; পুরো প্রক্রিয়া পরিচালিত হবে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১টায় ডিআইজি কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি পেতে অর্থ লাগে—এমন ভুল ধারণা ছড়িয়ে দালালচক্র সাধারণ মানুষকে প্রতারিত করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ডিআইজি বলেন, কেউ যেন চাকরির আশায় জমিজমা বিক্রি বা ঋণ নিয়ে দালালের হাতে টাকা না দেন। নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেন প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে প্রতারণার সঙ্গে জড়িত কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের নিয়োগে ব্যাপক প্রতিযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকেই শূন্যপদ পূরণ করা হবে।

সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতা থাকলেই তারাই অগ্রাধিকার পাবে। মেধাই হবে নিয়োগের একমাত্র মানদণ্ড।

গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে, যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

প্রেসব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।