মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকার ওপর গুরুত্ব

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন   |   খুলনা

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকার ওপর গুরুত্ব

খুলনা ব্যুরো :

মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে খুলনার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

১৫ এপ্রিল বুধবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। তিনি বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মোবাইল ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী ১৮ বছরের নিচে বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ সাদী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল এবং কেএমএসএস-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু।

আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ অলিউল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন শিক্ষক সৈয়দ ইসরাত জাহান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে কেএমএসএস ও খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement