খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
মাসুদ আল হাসান, খুলনা :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
নববর্ষের সকালেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে নতুন বছরকে স্বাগত জানায়। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারার নানা প্রতীকী উপস্থাপনায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত পরিবেশনা এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। তাঁর উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম।
উৎসবের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে বরণ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।