খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
খুলনা ব্যুরো :
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খুলনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
এবারের বাংলা নববর্ষের প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রঙিন ব্যানার, ফেস্টুন ও লোকজ সাজে শোভাযাত্রা নগরীতে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।পহেলা বৈশাখ উপলক্ষ্যে শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং লোকজ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। অতীতের সকল গ্লানি ভুলে নতুন বছরে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষ্যে জেলা কারাগার, হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হয়। শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
পাশাপাশি কারাবন্দিদের তৈরি বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী, বন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন করা হয়।
এদিকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ব্যবস্থাপনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে।
শহিদ হাদিস পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত লোকজ মেলা নগরবাসীর ব্যাপক সাড়া ফেলে এবং নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।