দর্শনা রেলস্টেশনে ১০ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।
সোমবার সকালে অবৈধভাবে স্বর্ণ পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।