জীবননগরে তেলপাম্পে বিশৃঙ্খলা: ১ মাসের কারাদণ্ড সহ ৫ জনকে জরিমানা
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গার জীবননগরে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগে বলা হয়, সিফাত হোসেন নামের ওই যুবক ফুয়েল কার্ড ছাড়া লাইনে ভাঙচুর ও জ্বালানি সংগ্রহে চাপ সৃষ্টি করেন এবং সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
এছাড়া একই অপরাধে চারজনকে ৪ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে আরও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।