কালীগঞ্জে জ্বালানী তেল নিতে গিয়ে ভূয়া এনএসআই কর্মকর্তা আটক
খুলনা ব্যুরো :
ঝিনাইদহের কালীগঞ্জে নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। পরে তার দেওয়া পরিচয় ভুয়া প্রমাণিত হলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কের এস আর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ম অমান্য করে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্পে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেন, যা উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি করে।
পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি একেক সময় একেক পরিচয় দেন—কখনও এনএসআই কর্মকর্তা, আবার কখনও ন্যাশনাল প্রেস সোসাইটির সদস্য বলে দাবি করেন।
তার কাছে থাকা একটি আইডি কার্ডে ‘হাফিজ উল্লাহ’ নাম উল্লেখসহ বিদেশি প্রতিষ্ঠানের নাম ও আরবি লেখা পাওয়া যায়। পাশাপাশি তার কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়, যেখানে ঠিকানা কালীগঞ্জ পৌরসভার ফয়লা কলেজপাড়া উল্লেখ রয়েছে। পুলিশকে দেখানো কথিত এনএসআই পরিচয়পত্র যাচাইয়ে ভুয়া বলে নিশ্চিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন জানান, জেলা থেকে আসা এনএসআই কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে তার দাবি অসত্য বলে নিশ্চিত করেন। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা এ ধরনের প্রতারণা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।