কুয়েটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণে প্রস্তুত ক্যাম্পাস
খুলনা ব্যুরো :
উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে বর্ণাঢ্য সাজে সেজেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস। ক্যাম্পাসজুড়ে এখন বিরাজ করছে বৈশাখী উৎসবের আমেজ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বর্ণিল আলপনা, প্যান্ডেল সাজানো, বৈশাখী শোভাযাত্রার প্রতীকী উপকরণ তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ এবং নানা স্টল প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে আয়োজন সফল করতে কাজ করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী কর্মসূচি সফল করতে সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সার্বিক প্রস্তুতি শেষ করা হয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিশেষ ‘ফ্ল্যাশ মব’-এ অংশ নিয়ে উৎসবের শেষ মুহূর্তের আনন্দ ভাগাভাগি করেন।
বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রবেশপথ ও আঙিনায় শুরু হয় বর্ণিল আলপনা অঙ্কন, যা রাত ১০টা পর্যন্ত চলবে। পুরো ক্যাম্পাস এখন উৎসবের রঙে মুখর।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি বিভিন্ন স্টল ও আলপনা ঘুরে দেখে সকলের সহযোগিতায় উৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্নের আহ্বান জানান।
আগামীকাল সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’ উদ্বোধনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। মেলার পাশাপাশি থাকবে বাউল সংগীত, সাপ খেলা, বানর খেলা, ম্যাজিক শো, ট্রেজার হান্ট, মোরগ লড়াই, কাবাডি খেলা ও ঘুড়ি উৎসবসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা আয়োজন।
উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।