জলাবদ্ধতা রোধে দৌলতপুরে খাল-ড্রেন পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন   |   খুলনা

জলাবদ্ধতা রোধে দৌলতপুরে খাল-ড্রেন পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু

মাসুদ আল হাসান,খুলনা :খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ১২ এপ্রিল রবিবার সকাল থেকে নগরীর দৌলতপুর বাজারসহ দৌলতপুর অঞ্চলের বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় কর্মপরিকল্পনা গ্রহণের অংশ হিসেবে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী উপহার দিতে বর্ষা মৌসুমের আগেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও বাজারের স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন কেসিসি প্রশাসক। তিনি জানান, বাজার সংস্কার ও নতুন বাজার নির্মাণ প্রকল্প আগামী বাজেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এদিন প্রশাসক দৌলতপুর বাজার ও সংলগ্ন নদী এলাকা, দৌলতপুর পাইকারি কাঁচা বাজার, পাবলা কারিকরপাড়া ড্রেন, বিজিবি অফিস সংলগ্ন ড্রেন এবং ক্ষুদে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত রাখার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবক অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ মোসারেফ হোসেন, দৌলতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শেখ আসলাম, সাধারণ সম্পাদক মো. নান্নু মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement