খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো :

খুলনার খালিশপুর থানার নয়াবাটি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতীদলের ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সোনামিয়া নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে। স্থানীয়রা জানান, এলাকায় তার একটি ভ্যারাইটিস স্টোর ছিল। প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতির সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তার ওপর হামলা চালায়।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের বাহুতে পরপর দুইটি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি দৌড়ে পাশের একটি কোম্পানির গোডাউনে গিয়ে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার এসআই পলাশ কুমার রায় জানান, ঘটনাটি রাত ১২টার কিছুক্ষণ পর ঘটলেও পুলিশকে সাড়ে ১২টার দিকে অবহিত করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেএমপি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement