২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর যশোর সফর, _ যশোরের উন্নয়ন প্রকল্পে গতি আনার ঘোষণা ;প্রতিমন্ত্রী অমিত

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন   |   খুলনা

২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর যশোর সফর,  _    যশোরের উন্নয়ন প্রকল্পে গতি আনার ঘোষণা ;প্রতিমন্ত্রী অমিত

খুলনা ব্যুরো :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর জেলা সফর করবেন। সফরকালে তিনি শার্শা উপজেলার উলাশী খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিলেও দীর্ঘদিনেও প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যশোরের উন্নয়ন কার্যক্রম নতুন করে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রতিমন্ত্রী জানান, কৃষি সেচ কার্যক্রম সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

জানা গেছে, নির্মাণাধীন ১০ তলা যশোর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬৬৭ কোটি টাকা। এর মধ্যে হাসপাতাল ভবন নির্মাণে ব্যয় হবে ২৫২ কোটি টাকা। ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হাসপাতালটি চালু হলে অঞ্চলের মানুষ আধুনিক চিকিৎসাসেবা, জটিল অস্ত্রোপচার, ডায়ালাইসিস ও এমআরআই সুবিধা স্থানীয়ভাবেই পাবে।


এসময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু হাসনাত মো. আহসান হাবীবসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন সফর উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন। পরে তিনি উলাশী খাল এলাকা পরিদর্শন, কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাট বীজ বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ও বিভিন্ন স্থানীয় কর্মসূচিতে অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement