প্রসূতির মৃত্যুকে ঘিরে অপপ্রচারের অভিযোগে ফুলতলায় সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো :
খুলনার ফুলতলায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে অপপ্রচার ও চিকিৎসকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ১১ এপ্রিল শনিবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলনের সমন্বয়ক মো. টিপু সুলতানের আহ্বানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোগীর জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা শেষে চিকিৎসকেরা নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি (এলইউসিএস) পদ্ধতিতে চিকিৎসা শুরু করেন। অপারেশনের সময় রোগীর জরায়ুতে বিরল জন্মগত ত্রুটি ধরা পড়ে, যা গুরুতর জটিলতার সৃষ্টি করে। চিকিৎসকদের দাবি, জরায়ুর অস্বাভাবিকতা ও অভ্যন্তরীণ রক্তক্ষরণই মৃত্যুর প্রধান কারণ এবং এতে চিকিৎসা অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অপারেশনের পূর্বেই গর্ভের ভ্রূণ মৃত ছিল। অস্ত্রোপচারের পর প্রসূতি মা বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বলেও জানানো হয়।
নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে কেন্দ্র করে চিকিৎসকের সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা চিকিৎসকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে এবং অর্থ না দিলে ভুল চিকিৎসার অভিযোগ তুলে অপপ্রচার চালানোর হুমকি দিয়েছে বলেও দাবি করা হয়।
বক্তারা বলেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও স্থানীয় জনগণকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত হাসপাতাল কর্তৃপক্ষ একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রেসকার্ড ব্যবহারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।