খুলনায় অস্ত্র ও গুলি সহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় অস্ত্র ও গুলি সহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনায় অস্ত্র ও গোলাবারুদসহ আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সুজন সরকার (২৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে আসামিকে নিয়ে তার আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাড়িতে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা ইজি বাইকের পুরোনো সিটের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন, চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Advertisement
Advertisement
Advertisement