সংবাদ শিরোনাম

পাচারের পথে যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন   |   খুলনা

পাচারের পথে যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

খুলনা ব্যুরো :

যশোর-মাগুরা মহাসড়কে বিশেষ অভিযানে স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল কোদালিয়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে আলামিন (৩২) নামে ওই যুবককে আটক করে। তিনি যশোরের শার্শা উপজেলার ছোট নিজামুল গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৪০ দশমিক ৬০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকাও জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলামিন স্বীকার করেছেন যে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি এগুলো বহন করছিলেন।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩শ’ ৫৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।