সুন্দরবন ও উপকূলীয় নৌপথে নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা
খুলনা ব্যুরো :
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবন এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলায় এ সভা অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন এলাকায় দস্যুতা দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং পর্যটন ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন বাগেরহাট, পুলিশ, র্যাব, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধি অংশ নেন।
পাশাপাশি মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, নৌ পরিবহন অধিদপ্তর, লঞ্চ শ্রমিক সংগঠন, সুন্দরবনভিত্তিক ট্যুর ও রিসোর্ট অপারেটর এবং মাঝি-মাল্লা সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় সুন্দরবনে দস্যুতা দমন জোরদার, সীমান্তবর্তী নদীপথে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ, পর্যটকবাহী জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং রিসোর্ট এলাকায় ডাকাতি ও অপহরণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম বন্ধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া বহিঃনোঙ্গরে চুরি-ডাকাতি প্রতিরোধে ওয়াচম্যান নিয়োগ, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান বন্ধ, সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌরুটে চলাচলকারী জাহাজের নিরাপত্তা জোরদার এবং নোঙর অবস্থায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত, দস্যুতা দমন এবং সব ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।