ঝড়ে নৌকাডুবি, কয়রায় দুই জেলে নিখোঁজ

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন   |   খুলনা

ঝড়ে নৌকাডুবি, কয়রায় দুই জেলে নিখোঁজ

খুলনা ব্যুরো :

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রাম সংলগ্ন শাকবাড়িয়া নদীতে আকস্মিক ঝড়ে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এক জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আকস্মিক ঝড়ের সময় নদীতে মাছ ধরারত অবস্থায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে জানতে পেরেছি। জোড়শিং এলাকায় সরাসরি গাড়ি নিয়ে যাতায়াত সম্ভব নয়। স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধির মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হলে উদ্ধার অভিযান পরিচালনা করা যাবে। এছাড়া ট্রলার ও খুলনা থেকে ডুবুরি প্রয়োজন হবে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী নৌকাডুবির ঘটনায় দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিন জেলে জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়ে বিকেলে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবির শিকার হন। একজন জীবিত উদ্ধার হলেও বাকি দুই জনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement