সংবাদ শিরোনাম

বিশ্ব স্বাস্থ্য দিবসে খুলনায় আলোচনা সভা ও শোভাযাত্রা

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন   |   খুলনা

বিশ্ব স্বাস্থ্য দিবসে খুলনায় আলোচনা সভা ও শোভাযাত্রা

খুলনা ব্যুরো :

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে ৭ এপ্রিল মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। তিনি বলেন, বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে এবং চিকিৎসাসেবাও আধুনিক প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশে রোবটের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান সম্ভব হয়েছে, যা বিজ্ঞানের অগ্রগতির ফল। উন্নত দেশের মতো বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকদের মধ্যে সেবার মানসিকতা আরও জোরদার হলে সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে।


তিনি আরও বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যখাতে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা সম্ভব। বিজ্ঞানকে মানবকল্যাণে ব্যবহার করে সকল প্রাণীকুলের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি মো. লিটন মন্ডল ও মো. আসিফ আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এর আগে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।