৭নং ঘাট ঘিরে নতুন পরিকল্পনা, খুলনায় বাড়বে বিনোদন সুবিধা
মাসুদ আল হাসান, খুলনা :
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, নগরবাসী যেন বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর পূর্ণ সুফল ভোগ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগরীর ৭নং ঘাট এলাকা সৌন্দর্যবর্ধন কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে সাংবাদিক ও নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
তিনি জানান, খুলনায় বোটানিক্যাল গার্ডেন, খেলার মাঠ এবং মানসম্মত বিনোদন কেন্দ্রের ঘাটতি রয়েছে। নগরীতে বহু সরকারি জমি অব্যবহৃত পড়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এসব জমিতে নাগরিকদের জন্য বিনোদনমুখী পরিবেশ তৈরির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, জার্মান সরকারের আর্থিক সহায়তায় পূর্বে ৭নং ঘাট এলাকার উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে।
আগামী ৯ এপ্রিল জার্মান সরকারের সাতজন পার্লামেন্ট সদস্য ও জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত খুলনা সফর করবেন। সফরকালে তারা জার্মান অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহ পরিদর্শন করবেন। এ পরিদর্শনের প্রস্তুতি হিসেবে কেসিসি প্রশাসক প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রূপসা ঘাট এবং ঘাটসংলগ্ন পন্টুন ও গ্যাংওয়ের বর্তমান অবস্থা পরিদর্শন করেন।