খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় মৌমিতা নিহত,ঘাতক গাড়ি সহ চালক গ্রেফতার
খুলনা ব্যুরো :
খুলনা নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশার এক যাত্রী নিহত হওয়ার ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে মৌমিতা হালদার (২৫) তার পিতা তরুণ কান্তি হালদারের সঙ্গে রিকশাযোগে নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা হালদার রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা খুলনা সদর থানায় এজাহার দায়ের করলে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্ত করে। পরবর্তীতে ৩ এপ্রিল দুপুর ১২টা ৫ মিনিটে করোনেশন স্কুলের পিছনে একটি বাড়ির গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় পুলিশ ৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হাদিস পার্কের উত্তর গেট এলাকা থেকে গাড়ির চালক মোঃ আহাদ শেখ সৈকত (২৬)-কে গ্রেফতার করে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।