বেনাপোলে ঘোষণাবহির্ভূত শাড়ি–থ্রি-পিস আটক

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন   |   খুলনা

বেনাপোলে ঘোষণাবহির্ভূত শাড়ি–থ্রি-পিস আটক

খুলনা ব্যুরো :

যশোরের বেনাপোল স্থলবন্দরে সিন্থেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে আমদানি করা বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিস আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার বিকেলে বন্দরের ১৯ নম্বর শেডে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। 

কাস্টমস সূত্র জানায়, ঢাকার নুসরাত ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে ২৬০ প্যাকেজ সিন্থেটিক ফেব্রিক্স আমদানির ঘোষণা দেয়। পণ্য খালাসের দায়িত্বে ছিল খাজা এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

অভিযান চালিয়ে কাস্টমস কর্মকর্তারা দেখতে পান, ঘোষণায় উল্লেখিত সংখ্যার চেয়ে বেশি অর্থাৎ ২৬৭ প্যাকেজ পণ্য রয়েছে। এছাড়া ফেব্রিক্সের আড়ালে বস্তাগুলোর ভেতরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস লুকানো ছিল।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, মিথ্যা ঘোষণার অভিযোগে পণ্যগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। বর্তমানে শতভাগ কায়িক পরীক্ষা ও পণ্যের তালিকা প্রস্তুতের কাজ চলছে। পরীক্ষা শেষে রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement