সংবাদ শিরোনাম

খুলনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার


খুলনা ব্যুরো :

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশের একটি আভিযানিক দল মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ এপ্রিল দিবাগত রাতে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তিনি দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় রাত সাড়ে ৪টার দিকে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দুটি ওয়ান শুটার গান, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি এবং চার রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে ইমন হাওলাদার ওরফে গজাল ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।