বাগেরহাটে মাশরুম চাষ বিষয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
কৃষিতে বহুমুখীকরণ ও আয় বৃদ্ধি লক্ষ্যে বাগেরহাটে মাশরুম চাষ বিষয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০০ জন মাশরুম চাষি অনুষ্ঠানে অংশ নেন। এ সময় দুইজন সফল চাষি তাদের চাষাবাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুষ্টিকর খাদ্য হিসেবে মাশরুমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করলে মাশরুম চাষ লাভজনক খাতে পরিণত হতে পারে। তিনি যুবসমাজ ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মাশরুম চাষকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক পদ্ধতিতে মাশরুম উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি কৃষকদের মধ্যে মাশরুম চাষে আগ্রহ বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।