সংবাদ শিরোনাম

গোগা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন   |   খুলনা

গোগা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

খুলনা ব্যুরো :

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও একটি ইজিবাইকসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৫ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তি কালাম হোসেন (৩৫)। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত বকবু সরকারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল উইনিক্স সিরাপ, ১১ বোতল এসকফ (ESKUF) সিরাপ এবং একটি ইজিবাইকসহ কালাম হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য ও ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার ৪০০ টাকা।

অধিনায়ক আরও জানান, সীমান্ত পথে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।