রামপালে ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী
খুলনা ব্যুরো :
বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় প্রতিষ্ঠিত আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার ৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালটি ঘুরে দেখেন এবং এর সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় ফাউন্ডার পরিচালক রেজা সেলিম প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। ক্যান্সারসহ অসংক্রামক রোগ প্রতিরোধে হাসপাতালের উদ্যোগ সম্পর্কেও অবহিত করা হয়।
গ্রামীণ এলাকায় এমন আধুনিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে প্রশংসনীয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালটিকে মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উন্নীত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
পরিদর্শনের শুরুতে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রামপালের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে হাসপাতাল প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন তিনি। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।