সংবাদ শিরোনাম

চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন   |   খুলনা

চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

খুলনা ব্যুরো :

খুলনার আড়ংঘাটা থানা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) ভোরে আড়ংঘাটা থানার লতার মোড় গাছতলা মন্দির সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত দিদার সরদার (৪০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা বিনু সরদারের ছেলে। তিনি খুলনা নগরীর দৌলতপুরের মধ্যডাঙ্গা এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৪টার দিকে ঘেরের মাছ চুরির সন্দেহে স্থানীয় কয়েকজন দিদার সরদারকে আটক করেন। পরে তাকে দীর্ঘ সময় ধরে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয়রা সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জাহান আহমেদ জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।