খুলনায় অতিরিক্ত দামে অকটেন বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন   |   খুলনা

খুলনায় অতিরিক্ত দামে অকটেন বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীতে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল (অকটেন) বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটের দিকে লবণচরা থানার রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় এনএসআই খুলনা মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস আল মাহদী।

অভিযানে “মাই ম্যাক্সসিস” নামক প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোছাঃ রেশমা বেগমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযোগে জানা যায়, তিনি প্রতি লিটার অকটেন ২১০ টাকায় বিক্রি করছিলেন, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, দণ্ডিতার স্বামী শরিফুল ইসলাম খুলনা বন বিভাগের স্পিডবোট চালক। তিনি বিভিন্ন ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে তার স্ত্রীর দোকানে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রাতের বেলায় খুলনার যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে ব্যারেলপ্রতি (১৯০ লিটার) প্রায় ৩৮ হাজার টাকায় তেল সংগ্রহ করা হতো বলেও জানা গেছে।



ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement