তাপমাত্রা ৪০ ডিগ্রি ___ চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে জনজীবন হাঁসফাঁস

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন   |   খুলনা

তাপমাত্রা ৪০ ডিগ্রি  ___    চুয়াডাঙ্গায়  তাপপ্রবাহে জনজীবন হাঁসফাঁস

খুলনা ব্যুরো :

টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা জেলা। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোয় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

৩ এপ্রিল (শুক্রবার) বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বোচ্চ ছিল।

প্রচণ্ড রোদ ও দাবদাহে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ। শ্রমিক, দিনমজুর, ভ্যানচালক ও কৃষিশ্রমিকরা তীব্র গরমে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। জেলার বিভিন্ন এলাকায় সড়কের পিচ নরম হয়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত গরমে কাজের গতি কমে গেছে এবং আয়ও কমে আসছে। অন্যদিকে তীব্র গরমের মধ্যেই জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জেলার বিভিন্ন তেল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা  আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলায় মাঝারি তাপপ্রবাহ আরও এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।#

Advertisement
Advertisement
Advertisement