সংবাদ শিরোনাম

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ দুই দস্যু আটক; ৩ জেলে উদ্ধার

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ দুই দস্যু আটক; ৩ জেলে উদ্ধার

খুলনা ব্যুরো :

সুন্দরবনের পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে জোনাব বাহিনীর জিম্মিদশা থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানার বাইনতলা খাল এলাকায় অভিযান চালিয়ে ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ, পাঁচ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং তাদের আস্তানা ধ্বংস করা হয়।

আটকরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার মো. সোহাগ হাওলাদার (৩৫) ও খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা (৪২)।

অন্যদিকে, পৃথক অভিযানে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে অপহৃত তিন জেলে— ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) —কে উদ্ধার করা হয়। এ সময় দস্যুদের ব্যবহৃত একটি নৌকা, কার্তুজ, ওয়াকিটকি চার্জার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত দেড় বছরে কোস্ট গার্ডের অভিযানে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্য আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও তিনজন পর্যটককে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।