চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা চালক

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন   |   খুলনা

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা চালক

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকায় চলন্ত একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লাগলে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী ছিল না; শুধু চালক মোল্লা সোহাগ গাড়িতে ছিলেন। তিনি জানান, আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড়ে গিয়ে ফের অফিসের উদ্দেশ্যে রওনা হলে শিববাড়ি মোড়ে পৌঁছানোর পর হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। এরপর আগুনের তাপ অনুভব করলে দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। আগুনের তাপে তাঁর মাথার পেছনের কিছু চুল পুড়ে যায় বলে তিনি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement