নগরীর সুবিধাবঞ্চিত পরিবারে কেসিসির পুষ্টি সহায়তা কর্মসূচি শুরু
মাসুদ আল হাসান,খুলনা ব্যুরো :
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই। এজন্য প্রতিটি শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা জরুরি।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয় অডিটরিয়ামে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পুষ্টি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ (সিআইডিসিএ)’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় নগরীর ১৬টি ওয়ার্ডের ১৮টি সিডিসিতে পুষ্টি সহায়তার পাশাপাশি শিক্ষা ও ব্যবসা সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কিশোরীদের জন্য হাইজিন কিট বিতরণ, অগ্নিনির্বাপক যন্ত্র সরবরাহ এবং সোলার লাইট স্থাপন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পে ৮৩৪ জন সুবিধাভোগী পুষ্টি সহায়তা পাচ্ছেন।
এছাড়া ২১০ জন কিশোরীকে হাইজিন কিট এবং ৮৩৪ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৪ জন বেকার তরুণীকে কম্পিউটার প্রশিক্ষণ এবং ৫৩ জন বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীকে সেলাই প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও অন্ধকার এলাকাগুলোতে সোলার লাইট স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেসিসি প্রশাসক বলেন, সুবিধাবঞ্চিত নারীদের সহায়তার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে মহানগরীর সব ওয়ার্ডে স্বচ্ছতার সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির-উল-জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। এ সময় প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পুষ্টি সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে তিনি কেসিসির রাজবাঁধ ট্রেঞ্চিং গ্রাউন্ড এবং সেখানে নির্মাণাধীন ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।