সাতক্ষীরার দেবহাটায় কেক কেটে একসাথে প্রায় ৬ হাজার শিশুর জন্মদিন পালন
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
যেসব শিশুদের পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় কখনো জন্মদিন পালন করা হয়ে ওঠে না, সেইসব শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী আয়োজন করেছে দেবহাটা এরিয়া প্রোগ্রাম। একসাথে প্রায় ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন পরিবেশ।
মঙ্গলবার (৩১ মার্চ) সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে, World Vision Bangladesh-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দিনব্যাপী এ ব্যতিক্রমী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, World Vision Bangladesh-এর এপি ম্যানেজার মিল্টন সিংহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজনের অংশ হিসেবে নিবন্ধিত ও স্থানীয় কমিউনিটির শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, মাটির ব্যাংক, ছাতা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
একসাথে এত সংখ্যক শিশুর জন্মদিন উদযাপনের এই উদ্যোগ শুধু আনন্দই নয়, বরং সমাজের অবহেলিত শিশুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।