খুলনায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, অকটেন বিক্রি না করায় জরিমানা
খুলনা ব্যুরো :
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও অবৈধ মজুদ নিয়ন্ত্রণের লক্ষ্যে খুলনা মহানগরের বিভিন্ন ফিলিং স্টেশন ও অয়েল পাম্পে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, খুলনা।
সোমবার (৩০ মার্চ) দৌলতপুর ও খালিশপুর থানার আওতাধীন একাধিক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে তেলের মজুদ, সংরক্ষণ রেজিস্টার ও স্টক রেজিস্টার যাচাই-বাছাই করা হয়।
অভিযানকালে মেসার্স এলিট পেট্রোল সাপ্লাই কোং লিঃ নামক প্রতিষ্ঠানে অকটেনের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও ক্রেতাদের কাছে বিক্রি না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অকটেন বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।
এ সময় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সঠিক মজুদ, সরবরাহ ও স্বচ্ছ বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে বিএসটিআই ও দৌলতপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন, খুলনা।