সংবাদ শিরোনাম

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্যাঙ্কলরি জব্দ, চালক আটক

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্যাঙ্কলরি জব্দ, চালক আটক

খুলনা ব্যুরো :

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা এলাকা থেকে সাত হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী ট্যাঙ্কলরি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্যাঙ্কলরির চালক মো. রিপন শেখ (৩৮) কে আটক করা হয়েছে।

সোমবার ৩০ মার্চ ভোররাতে খুলনা থেকে তেলবাহী গাড়িটি শহর অতিক্রম করে পেট্রোল পাম্পবিহীন ফিংড়ি ও ব্যাংদহা বাজার এলাকার দিকে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কলরিটি জব্দ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ তেলবাহী ট্যাঙ্কলরির কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। এ সময় অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্যাঙ্কলরিটি থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ট্যাঙ্কলরি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।