খুলনার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার জোরালো আহ্বান কেসিসি প্রশাসক মঞ্জুর

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন   |   খুলনা

খুলনার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার জোরালো আহ্বান কেসিসি প্রশাসক মঞ্জুর

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার ক্রীড়াঙ্গন বর্তমানে থমকে আছে। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সব সমস্যা দূর করে অতীতের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের সন্তানরা ক্রীড়াচর্চার মাধ্যমে সুশৃঙ্খল জীবন গড়তে পারবে।

৩০ মার্চ সোমবার সকালে নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে খুলনা ও বরিশাল বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও অ্যাথলেটদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।


বাংলাদেশ কারাতে ফেডারেশন অনুষ্ঠানটির আয়োজন করে।প্রশাসক তরুণদের আগ্রহকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ক্রীড়া সেক্টরে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

পরবর্তীতে প্রশাসক সোনাডাঙ্গা মেইন রোডে অবস্থিত ‘রিহ্যাবিলিটেশন ফর এক্সট্রাঅডিনারি চিলড্রেন এন্ড নিউরোডাইভার্স আন্ডারস্ট্যান্ডিং (রেনু)’ সেন্টার পরিদর্শন করেন। তিনি অটিজম শিশুদের নিয়ে কাজ করা ব্যক্তিদের সেরা মানবতাবাদী হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আলিমুজ্জামান খান, কেসিসি প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ‘সোতো কান’ সংগঠকের মোহাম্মদ আলী, কেসিসি প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় রেনু সেন্টারের চেয়ারম্যান দিবেন্দু দ্বীপ ও সমাজসেবক আসাদুজ্জামান মুরাদও উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement